যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা সরকারের: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের কারণে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তা সামাল দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে শুল্ক বিষয়ে সমঝোতার জন্য আলোচনা শুরু করা হয়েছে এবং তিনি আশাবাদী যে, এই পরিস্থিতির সমাধান হবে।
আজ রোববার সচিবালয়ে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো দিকে যাচ্ছে। রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে, যা জনগণের জন্য স্বস্তির কারণ হয়েছে।
তিনি আরও বলেন, এবার ঈদে পণ্যের দাম কম ছিল এবং রিজার্ভ বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।
২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই নতুন শুল্কের কারণে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার শুল্কের এই পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগী রয়েছে এবং আশা করা হচ্ছে, শীঘ্রই একটি ইতিবাচক সমাধান পাওয়া যাবে, যা দেশের রপ্তানি খাতের জন্য সহায়ক হবে।