যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধের পেছনে ফাইবার অপটিক স্থাপনার ত্রুটি

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণ হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের সময় সৃষ্ট একটি প্রযুক্তিগত সমস্যা।

দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক ক্যাবল বসানোর কাজ চলাকালে একটি রাউটার সমস্যা সৃষ্টি করে, যা অতিরিক্ত তথ্য প্রবাহের কারণ হয়ে যোগাযোগে বিঘ্ন ঘটায়।

যাত্রী ও বিমান নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ডাফি বলেন, সরকার এখন তদন্ত করছে সমস্যাটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতার কারণে নাকি যন্ত্রপাতির ত্রুটির ফসল।

মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের কারণে প্রায় ৯২০০ ফ্লাইট বাতিল ও ৭৫০০ ফ্লাইট বিলম্বিত হয়। একদিনে ১৫ লাখের মতো যাত্রী এই সমস্যায় পড়েন। শনিবারও ৩৫০০-এর বেশি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে, এবং রোববারের জন্য ৮৭৫টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, এই সমস্যার পেছনে কোনো সন্ত্রাসী বা কৃত্রিম বুদ্ধিমত্তার হস্তক্ষেপ পাওয়া যায়নি। এলথ্রিহ্যারিস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান আধুনিকায়নের ৭০ শতাংশ কাজ শেষ করেছিল এবং তারা তদন্তে সহযোগিতা করছে।

পরিবহন মন্ত্রী ডাফি কংগ্রেসকে সতর্ক করে বলেন, যদি বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামোর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে একই ধরনের সমস্যা আবারও দেখা দিতে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিলেন, কিন্তু কংগ্রেসের উভয় কক্ষই বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

All Categories