যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশ একমত হয়েছে। যুদ্ধবিরতি-সংক্রান্ত বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে আবারও বৈঠকে বসবে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। সেই বৈঠকের আগ পর্যন্ত সীমান্তে শান্তি বজায় রাখতে এবং নতুন কোনো সংঘাত এড়াতে উভয় দেশ সতর্ক থাকবে বলেও জানিয়েছে তারা।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
সহিংস কর্মকাণ্ডের দায়ে বহু বছর আগে টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। তবে গোষ্ঠীটি এখনো সক্রিয়, বিশেষ করে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি উত্তেজনা তীব্র আকার ধারণ করে। গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ কয়েকজন নিহত হন। এর জবাবে ১১ অক্টোবর সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা চালায় আফগান বাহিনী। পালটা জবাব দেয় পাকিস্তানও।
১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত চলার পর ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। ওই সময়ের মধ্যে সংঘাতে প্রাণ হারান অন্তত ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা।
এরপর ১৮ অক্টোবর দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। পরে তা স্থানান্তর হয় তুরস্কের ইস্তাম্বুলে। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া আলোচনায় মধ্যস্থতার ভূমিকা নেয় কাতার ও তুরস্ক।
২৮ অক্টোবর বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও মধ্যস্থতাকারীদের তৎপরতায় আলোচনা অব্যাহত থাকে। অবশেষে ৩০ অক্টোবর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান।
সূত্র: জিও নিউজ