যুদ্ধাপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেন।
বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া দণ্ডাদেশ বাতিল করে মোবারকের করা আপিল মঞ্জুর করে।
এই প্রথম একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় আপিল করে কেউ খালাস পেলেন বলে জানিয়েছেন মোবারকের আইনজীবীরা।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারককে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি—১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ও ৩ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর তিনটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছিল।
ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ ডিসেম্বর আপিল করেন মোবারক। দীর্ঘ ১১ বছর পর আপিল বিভাগ তাঁর আপিলের পক্ষে রায় দিল। শুনানি শুরু হয় চলতি মাসের ৮ জুলাই, শেষ হয় ২২ জুলাই। এরপর ৩০ জুলাই রায়ের দিন ধার্য করা হয়।
রায় ঘোষণার সময় মোবারকের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
রায়ের পর এস এম শাহজাহান বলেন, মোবারক হোসেনের বিরুদ্ধে যেসব অভিযোগে সাজা দেওয়া হয়েছিল, আপিল বিভাগ সেগুলো থেকে তাঁকে খালাস দিয়েছেন। ট্রাইব্যুনালের রায় বাতিল হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাঁর মুক্তিতে আইনি বাধা নেই।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, ১৯৭১ সালে মোবারক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।