‘যুদ্ধ শুরু করেছেন আপনি, শেষ করব আমরা’—আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের হামলার পর এবার সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। সোমবার (২৩ জুন) সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিওবার্তা প্রকাশ্যে এসেছে।
সেখানে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে জোলফাকারি বলেন, ‘এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।’ ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও অভিহিত করেন তিনি।
জোলফাকারি জানান, ইরানের পরমাণুকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। তাঁর দাবি, হামলার পরিণতি ভয়াবহ হতে পারে এবং যুক্তরাষ্ট্রকে তার জন্য প্রস্তুত থাকতে হবে।
এর আগে, রোববার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে ওয়াশিংটন। যদিও পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, তারা সংঘাত আরও বাড়াতে চায় না।
তবে হামলার পরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল ইরানের রেভলিউশনারি গার্ড। তারা জানিয়েছিল, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে, সেগুলো এখন ঝুঁকিতে আছে। হামলার পর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই বলেও মন্তব্য করে বাহিনীটি।
এদিকে, ইরানি সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামিও একটি আলাদা ভিডিওবার্তায় বলেছেন, পরমাণুকেন্দ্রে হামলার জবাবে আমরা জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছি।
সিএনএনের বরাতে জানা যায়, ওই ভিডিওতে হাতামি বলেন, ‘আমরা অতীতেও বহুবার যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সম্মুখীন হয়েছি। যখনই তারা হামলার চেষ্টা করেছে, আমরা প্রত্যেকবার কঠোর জবাব দিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না। নিজেদের সুরক্ষার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।