যথা সময়ে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের মতো তারাও পালাতে বাধ্য হবে।
শনিবার দুপুরে রাজধানীর এলডিপি কার্যালয়ে এক গণযোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অলি আহমদ বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে নাটক করছে। সব রাজনৈতিক দলের সম্মতি ছাড়া এই সংস্কার প্রক্রিয়া কাজে আসবে না। জনগণের চোখে ধুলো দিয়ে কেউ টিকে থাকতে পারবে না।
গণঅভ্যুত্থানে হতাহতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে অস্থিরতা দূর করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। উপদেষ্টারা শুধু বক্তব্য দিচ্ছেন, কিন্তু কাজে তার প্রতিফলন নেই। বিনিয়োগ, অর্থনৈতিক অগ্রগতির কথা বলে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
অনুষ্ঠানে এলডিপির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব একপক্ষ নিতে চায়। অথচ আজ বৈষম্যবিরোধী আন্দোলনই বৈষম্য সৃষ্টি করছে।
এ সময় এলডিপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর ড. চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি বলেন, সত্যিকারের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।
অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতৃবৃন্দসহ নতুন যোগ দেওয়া সদস্যরা উপস্থিত ছিলেন।