যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে যত দ্রুত নির্বাচনের ট্র্যাকে ফিরিয়ে আনা যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালটিতে যান বিএনপি মহাসচিব। চিকিৎসকদের কাছ থেকে অধ্যাপক কুদ্দুসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরে একই হাসপাতালে অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে যান এবং তাঁর অবস্থাও জানতে চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় লড়াইটা বিএনপিই করেছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং পরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। কাজেই এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, সব রাজনৈতিক দলেরই দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া। যত দ্রুত সেটা করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।

নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, যারা ভাবেন দেশে নির্বাচন দরকার নেই, তাঁদের বিষয়টি নতুন করে ভাবা উচিত। জনগণের ভোটে নির্বাচিত সরকারই হতে পারে প্রকৃত অর্থে জনগণের সরকার। সেই কারণেই আমরা নির্বাচনী প্রক্রিয়া ও সংস্কারে অংশ নিচ্ছি।

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, আমি নিজেই ১১২টি মামলার আসামি। ১৩ বার জেলে গিয়েছি। সবচেয়ে বেশি নির্যাতন, গুম, খুনের শিকার বিএনপিই হয়েছে।

যারা এই ফ্যাসিস্ট হামলা ও গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। প্রয়োজনে দলগতভাবেও বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি।

All Categories