যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে : ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। শুধুমাত্র দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা বৈধ রাজনৈতিক দল হিসেবে রয়ে গেছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব তাদের, তাই কোন দল অংশ নিতে পারবে সে বিষয়ে তারাই বলতে পারবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, তবে লাখ লাখ সমর্থক আছে—এটা আমি মানি না। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও দলের মতো আচরণ করতে পারেনি। ‘তারা মানুষ হত্যা করেছে, কোনো দায় নেয়নি, বরং সব সময় অন্যকে দোষারোপ করেছে,’ বলেন ড. ইউনূস।
২৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।