যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে:ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক ও ডাকাতি করা হলেও যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
জামায়াত আমির বলেন, বিশ্বাস করি এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদের নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব।

সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংঘটিত হয়নি। অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করেছে একটি পক্ষ।

আলোচনা সভায় জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পাশাপাশি যোগ দেন কবি, সাহিত্যিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। চলমান নানা সংকট ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। 

All Categories