যে কারণে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার এক দিন পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) সরকার প্রজ্ঞাপন জারি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে। প্রজ্ঞাপনে বলা হয়, তাঁর নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত থাকবে এবং প্রয়োজনে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরাও এই সুরক্ষা পাবেন।
সোমবার রাতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাসপাতাল পরিদর্শনে যান। তারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতাসহ দীর্ঘমেয়াদি একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর রাতে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়।
২৭ নভেম্বর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন—চেয়ারপারসনের শারীরিক অবস্থা “সংকটাময়”।