ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে ইরানি জনগণকে এগিয়ে যাওয়ার আহ্বান খামেনির
ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে ভয় না পেয়ে ইরানি জনগণকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খামেনি বলেন, ‘যদি শত্রু বুঝতে পারে যে, আপনারা তাদের ভয় পান—তাহলে তারা ছাড়বে না।’
তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত আপনারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা চালিয়ে যান। বরং আরও বেশি দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’
খামেনির এই মন্তব্য এমন সময়ে এল, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক ইসরায়েলি হামলায় তেহরানসহ ইরানের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের অভ্যন্তরে বিস্তৃত হামলা চালিয়েছে।