ভূমিকম্পে তিনজনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

আজ শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী ও গাজীপুরে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পরিচয় জানা গেছে একজনের—রাফিউল ইসলাম, তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অন্যদিকে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, পুরান ঢাকার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা সড়ক দিয়ে হাঁটার সময় রেলিংটি ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৪৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালেও আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে টেলিফোনে হতাহত–সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

সকালে ঘটনাস্থল কসাইটুলিতে গিয়ে দেখা যায়, ২২/সি কেপিগোজ স্ট্রিটের গলিতে রক্তের চিহ্ন রয়ে গেছে। পাঁচতলা ভবনের ভেঙে পড়া রেলিং সরাতে কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দা সজিব বলেন, ভূমিকম্পে সবাই আতঙ্কে ছুটোছুটি শুরু করে। তখনই রেলিং ভেঙে পড়ে একজন শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন–১ এর জোন কমান্ডার এনামুল হক জানান, ভবনের ভেতরে কেউ আটকা আছে কি না, তা নিশ্চিত হতে দলটি তল্লাশি চালাচ্ছে।

All Categories