ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি: প্রধান উপদেষ্টাকে হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত বলেন, ড. ইউনূস সম্প্রতি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আমি মনে করিয়ে দিতে চাই, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।
তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ একসময় আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদের বায়তুল মোকাররম থেকে নামিয়ে হত্যা করেছিল। ৫ আগস্ট আমরা সারা দেশের মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছি, তাদের জায়গা আর এই মাটিতে হবে না।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, বরং এটি "সন্ত্রাসী সংগঠন। তিনি বলেন, একাত্তরের পর শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র হত্যা করেছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ তাদের লুটপাটেরই ফল, যাতে ১৫ লাখ মানুষ প্রাণ হারান।’ তাঁর দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই এখন "সবচেয়ে বড় সংস্কার"।
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, আহমেদ কাশেমী, যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা এই মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন।