ভোট আগে থেকে দিয়ে রাখার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আগে থেকে ব্যালটে ক্রস চিহ্ন দেওয়ার ঘটনায় শিবির ও ছাত্রদল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্রে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করে বলেন, “একুশে হলের সেন্টারে কয়েকজন স্টাফ ওএমআর শিটে আগে থেকেই ক্রস চিহ্ন দিয়ে রেখেছিল। এতে ছাত্রদলের প্রার্থীদের ব্যালট নাম্বারে ক্রস দেওয়া হয়েছে। পরে আমরা প্রশাসনকে জানাই এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি আরও অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে গিয়েও একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাঁর দাবি, “যারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক উৎসব বানচালের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। যারা ভেতর থেকে বা বাইর থেকে নাশকতার চেষ্টা করছে, তারা আসল কালপ্রিট।”

ছাত্রদল প্যানেলের পাল্টা অভিযোগ

অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেন, “রোকেয়া হলে গিয়ে দেখি, সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া। আমি চিফ রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে হলে প্রবেশ করি এবং ঘটনাটির সত্যতা পাই।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীরা শতস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। কিন্তু আগে থেকে ব্যালটে ক্রস দেওয়া অত্যন্ত গুরুতর বিষয়। এর প্রপার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন।”

অন্য প্রার্থীদের অভিযোগ

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের বলেন, “ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোটকেন্দ্রের ভেতর প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদুলও কেন্দ্রে প্রবেশ করে ভোট চেয়েছেন, অথচ অভিযোগ করলেও ব্যবস্থা নেয়া হয়নি।”

এভাবে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে ডাকসু নির্বাচনের পরিবেশ।

All Categories