ভোজ্যতেলের দাম বাড়বে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার

ভোজ্যতেলের দাম বৃদ্ধি হবে কি না, সে সিদ্ধান্ত জানা যাবে আগামী মঙ্গলবার। আজ রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ভোজ্যতেল পরিশোধন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, বৈঠকে কারখানা মালিকদের পক্ষ থেকে জানানো হয়, আমদানি পর্যায়ে শুল্ক ও করের রেয়াত সুবিধার মেয়াদ গত মাসে শেষ হয়ে গেছে। এ কারণে খরচ বেড়ে গেছে, যার কারণে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল এবং ১ এপ্রিল থেকেই নতুন দাম কার্যকর করতে চেয়েছিল।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এনবিআর এখনো শুল্ক রেয়াত বহালের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। রমজানের মাঝামাঝি সময়ে ট্যারিফ কমিশন থেকে এনবিআরকে পাঠানো চিঠিতে রেয়াতের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়, কিন্তু তার বাস্তবায়ন অনিশ্চিত।

এদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে ১৭৬ টাকা, ৫ লিটারের বোতল ৮৪৫ থেকে ৮৫০ টাকা, খোলা সয়াবিন তেল ১৫৭ থেকে ১৬৫ টাকা এবং পাম তেল ১৪৪ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে আসন্ন বৈঠকে একটি সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশা করছেন ভোক্তারা।

All Categories