ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি বাতিলের দাবি উঠেছে, তার বেশির ভাগই বাস্তবে নেই। তিনি বলেন, ‘যেই তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন, সেটা সঠিক নয়। ওই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি অনেক পুরোনো। আর কয়েকটি চুক্তি আছে, যেগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক ওই নামে নয়।’

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বা অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনও প্রকল্প নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর নামে কিছু নেই। যে নামে প্রকল্পটি আছে, সেটি হলো আশুগঞ্জ নদীবন্দর–সরাইল–ধরখার–আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন প্রকল্প; এর একটি প্যাকেজ বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই। যেটি আছে, তা একটি সমঝোতা স্মারক; সেটি বাতিল হয়নি। কুশিয়ারা নদীর পানিবণ্টন প্রকল্পও নেই—এটিও একটি সমঝোতা স্মারক, এবং সেটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনও চুক্তি নেই। মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহনের যে চুক্তি আছে, সেটি বাতিল হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ‘ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব’ এরকম কিছু নেই। সিলেট–শিলচর সংযোগ প্রকল্প ও পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তিও বাস্তবে হয়নি।

তৌহিদ হোসেন বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে। আদানি বিদ্যুৎ নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটি মোটামুটি ঠিক আছে—এটা পুনর্বিবেচনার জন্য আলোচনায় আছে। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। এটি নবায়নের জন্য যোগাযোগ চলছে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন কাজ চলছে, তবে অগ্রগতি খুব বেশি নয়।

তিনি আরও জানান, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই–এর সঙ্গে টাগবোট চুক্তিটি বাতিল করা হয়েছে। ‘বিবেচনা করে দেখা গেছে, এই চুক্তি বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক নয়,’ বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তিই বাতিল করেছে। যখন কোনও চুক্তি সই হবে বা বাতিল হবে, তখন আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ফটোকার্ড প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।

All Categories