ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান আবারও ভারতীয় সামরিক আগ্রাসনের অভিযোগ করেছে। দেশটির দাবি, একাধিক জায়গায় ভারতীয় বাহিনী হারোপ ড্রোন পাঠিয়েছে, যার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১২টি ড্রোন ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন–এর লাইভ প্রতিবেদনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

জেনারেল আহমেদ শরীফ জানান, লাহোর, এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুড়, মিয়ানো, চর এবং করাচির আশপাশের এলাকায় এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোনের হামলায় পাকিস্তানের অন্তত চারজন সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

ভারতের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারত বুধবার কয়েকটি শহরে একাধিকবার হামলার চেষ্টা করেছে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভি–র 'আজ শাহজাইব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত রাডারের মাধ্যমে কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করেছে, যেন প্রয়োজন হলে সেখানে সরাসরি হামলা চালানো যায়।

পাকিস্তান বলছে, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত।

 

All Categories