ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে ভারতকে কড়া বার্তা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পানিসম্পদ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ সামরিক অস্ত্রাগারের সব শক্তি প্রয়োগে পিছপা হবে না।

শনিবার রাশিয়ান সংবাদমাধ্যম আরটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জামালি দাবি করেন, ইসলামাবাদের হাতে রয়েছে এমন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য, যেখানে উল্লেখ আছে যে, ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

মস্কোতে নিযুক্ত পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য রয়েছে, তা বলছে পাকিস্তানের নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারতের হামলার পরিকল্পনা রয়েছে। আমরা মনে করছি, এ ধরনের হামলা শিগগিরই ঘটতে পারে।’

কাশ্মীরে সাম্প্রতিক হামলার জেরে ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন জামালি। তিনি বলেন, ‘নদীর প্রবাহ বন্ধ, দখল বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে। আর এর জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।’

এদিকে, ভারতের অভিযোগ কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হওয়া সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী। সেই প্রেক্ষিতে নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে সিমলা চুক্তি স্থগিত এবং আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে।

এর মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গত ১০ দিন ধরে গুলি বিনিময় চলছে। সংঘর্ষের বিস্তার ঘটেছে কুপওয়ারা, পুঞ্চ, রাজৌরি, সুন্দরবানি, আখনুরসহ একাধিক সেক্টরে।

এর আগে, গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, ভারত যদি চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদীর ওপর নতুন অবকাঠামো নির্মাণ করে, তাহলে সেখানে ‘সরাসরি হামলা’ চালানো হবে।

All Categories