ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশর পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকার
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা, উগ্রবাদ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
সোমবার (১৭ মার্চ) দেওয়া এ সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।তিনি জানান, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থি উগ্রবাদ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কাজ করে যাচ্ছে।
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান বলেন,দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে।
উগ্রপন্থিদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা নিয়ে গ্যাবার্ড বলেন, এই সমস্ত গোষ্ঠী একই আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে, যা হলো তথাকথিত 'ইসলামী খিলাফত' প্রতিষ্ঠা করা। এটি শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের অন্যান্য দেশেও সংখ্যালঘুদের জন্য হুমকি সৃষ্টি করেছে।এই আদর্শ বাস্তবায়নে তারা সন্ত্রাস ও চরম সহিংস পথ বেছে নিচ্ছে।
বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভার মধ্যে আলোচনার প্রসঙ্গেও কথা বলেন গ্যাবার্ড। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা ইতোমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় বসেছে। উভয় দেশের সরকারই উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
গ্যাবার্ড সাক্ষাৎকারের শেষ পর্যায়ে বলেন,ডোনাল্ড ট্রাম্প এই ধরণের উগ্রবাদী আদর্শকে চিহ্নিত ও পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তার প্রশাসন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে।