ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি ও সাংসদ রাহুল গান্ধীকে দিল্লি পুলিশ আটক করেছে। সোমবার সকাল বেলা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও পুলিশ আটক করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভস্থলে বিপুলসংখ্যক কংগ্রেস কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন।
ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, রাস্তায় বসে অবস্থান ধর্মঘট পালন করছেন এবং বিভিন্ন ব্যানার ও পতাকা নিয়ে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।