ভারত-পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ায় নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে এমন আশঙ্কার মধ্যেই আজ সোমবার (৫ মে) রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর এনডিটিভির।

বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে রয়েছে ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলার পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তান জানায়, তারা জাতিসংঘে ভারতের সাম্প্রতিক একতরফা পদক্ষেপ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরবে। ইসলামাবাদের দাবি, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ‘সঠিক তথ্য উপস্থাপনের কূটনৈতিক উদ্যোগ’।

পেহেলগামের ওই হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং তথ্যপ্রমাণ ছাড়াই সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সীমান্তবর্তী আতারি-ওয়াঘা চেকপয়েন্টও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এমন পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করে পাকিস্তান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

এরই মধ্যে পাকিস্তান গত শনিবার ৪৫০ কিলোমিটার রেঞ্জের ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পাকিস্তানের দাবি, এটি ‘সিন্ধু মহড়া’র অংশ। অন্যদিকে ভারত একে ‘খোলামেলা উসকানি’ হিসেবে বর্ণনা করেছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনে তারা ভারত-পাকিস্তান মধ্যস্থতায় প্রস্তুত, তবে তার জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।

বর্তমানে সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক সম্পর্কের অবনতি ও পারস্পরিক নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। আজকের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই উত্তেজনা প্রশমনে কার্যকর কোনো সিদ্ধান্ত আসবে কি না  সে দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এছাড়া ১০টি অস্থায়ী সদস্য দেশ হলো— আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া। মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।

All Categories