ভারত-মিয়ানমার সীমান্তে ১০ সন্দেহভাজন উগ্রপন্থী নিহত
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনাবাহিনীর এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা 'সশস্ত্র উগ্রপন্থী'।
বুধবার (১৪ মে) মিয়ানমার সীমান্তসংলগ্ন চান্দেল জেলায় এই অভিযান চালায় আসাম রাইফেলসের একটি দল। সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কিছু সশস্ত্র উগ্রপন্থী চান্দেল জেলার একটি এলাকায় যাতায়াত করছে। এরপর আসাম রাইফেলসের একটি ইউনিট সেখানে অভিযান শুরু করে।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের সময় সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় সেনারাও। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। অভিযান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানানো হয়নি। সেনাবাহিনী দাবি করলেও এই অভিযানে নিহত ব্যক্তিদের 'উগ্রপন্থী' ছিল কি না, তা নিয়ে নিরপেক্ষ সূত্র থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর থেকে মণিপুরে জাতিগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়েছে। রাজ্যটিতে নিরাপত্তা পরিস্থিতি নড়বড়ে হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা। তবে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে আসছে, তারা রাজ্যটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।