ভারত চায় না পরিস্থিতির আরও অবনতি হোক
সীমান্তে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালালেও ভারত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে পাকিস্তান যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে সফররত ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে অনুষ্ঠিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে জয়শঙ্কর এ বার্তা দেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সম্পর্ক জোরদার করতে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
জয়শঙ্কর বলেন, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে যে ঘৃণ্য সন্ত্রাসী হামলা হয়েছে, তা আমাদের বাধ্য করেছে সীমান্তপারের জঙ্গি ঘাঁটিগুলোকে নির্দিষ্ট করে পাল্টা ব্যবস্থা নিতে। এসব প্রতিক্রিয়া সুনির্দিষ্ট ও পরিকল্পিত ছিল। আমরা চাই না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক, তবে কেউ আমাদের ওপর আঘাত করলে ভারতও চুপ করে থাকবে না।
ইরানের প্রতিনিধিদলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও কৌশলগত অংশীদার। পরিস্থিতির প্রকৃতি ও আমাদের অবস্থান সম্পর্কে আপনাদের জানানো জরুরি।