ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের সূচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে ইসি কাজ করছে। তিনি বলেন, অতীতের ভুল–ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই। আমাদের লক্ষ্য একটাই একটি ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, আর সেটা সফল করতে সবার সহযোগিতা লাগবে।
সিইসি বলেন, নির্বাচনের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি তাদেরকে ইসির ‘সহযোগী’ হিসেবে কাজ করার আহ্বান জানান।
পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান সিইসি। প্রথমত, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা; দ্বিতীয়ত, মাঠপর্যায়ে যাঁরা পর্যবেক্ষণে যুক্ত থাকবেন, তাঁদের যেন কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে।
সংলাপে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী পরিবেশ, পর্যবেক্ষণের কাঠামো ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।