উত্তেজনার মধ্যেই আলোচনায় বসলেন ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ) সরাসরি যোগাযোগ করেছেন। যুদ্ধংদেহী অবস্থার মধ্যে এ ধরনের সংলাপকে দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পক্ষে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মধ্যে এই সংলাপ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংলাপ আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার ফসল হতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ বিভিন্ন বিশ্বশক্তি ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং এনএসএ মার্কো রুবিও দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে হোয়াইট হাউস থেকে শান্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।
এর আগে গত বুধবার রাতে ভারত পাকিস্তানের নয়টি স্থানে মিসাইল হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা, যার মধ্যে কয়েকটি মসজিদও রয়েছে। জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। পাশাপাশি সীমান্তের একটি ব্রিগেড সদর দপ্তর ও কয়েকটি সেনা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও জানায় পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের গুলিতে ১৫ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে ভারত।
এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “ভারত হামলা করে বড় ভুল করেছে। এর মূল্য তাদের দিতে হবে।” তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রয়োজনীয় জবাব’ দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও জানান।
এই উত্তেজনার মধ্যেই সরাসরি এনএসএ পর্যায়ে সংলাপ শুরু হওয়াকে অনেক রাজনৈতিক বিশ্লেষক শান্তির সম্ভাব্য আলোকরেখা হিসেবে দেখছেন।