উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

গণভোট অধ্যাদেশ–২০২৫–এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

গণভোট আয়োজনকে কেন্দ্র করে এটি সরকারের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত ২০ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেছিলেন, এর জন্য প্রয়োজনীয় আইন আগামী সপ্তাহেই করা হবে।

গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। একই দিনে গণভোট নেওয়ার বিষয়টিও তখন ঘোষণা করেন তিনি।

উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে গণভোট আয়োজনের আইনগত কাঠামো ও প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

All Categories