ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ফেসিয়াল জরুরি

সুস্থ ও উজ্জ্বল ত্বক পেতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। আর এই যত্নের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ফেসিয়াল। অনেকে মনে করেন, শুধু মুখ ধুলেই ত্বক পরিষ্কার থাকে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ত্বকের গভীর পরিচর্যা ছাড়া দীর্ঘদিন সুস্থ ত্বক ধরে রাখা সম্ভব নয়।

রূপবিশেষজ্ঞরা বলছেন, ফেসিয়াল ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও জোগায়। তাই মাসে অন্তত একবার বা প্রতি ১৫ দিনে একবার ফেসিয়াল করাকে ত্বকের জন্য উপযোগী মনে করা হয়।

রূপবিশেষজ্ঞ ফারিয়া সুলতানা বললেন, ‘ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস বা ব্রণর সমস্যা দেখা দেয়। ১৫ দিন অন্তর ফেসিয়াল করলে এই সমস্যা অনেকাংশে কমে।

ফেসিয়াল ত্বকের মৃত কোষ সরিয়ে দেয়। পাশাপাশি, ত্বকের ভেতরে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার করে। এতে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে ফেসিয়াল খুবই গুরুত্বপূর্ণ।

শুষ্ক ত্বক দ্রুত রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। মাসে দুইবার ফেসিয়াল করালে ত্বক হাইড্রেটেড থাকে এবং কোষগুলো প্রাণ ফিরে পায়,’ জানান আরেক রূপবিশেষজ্ঞ লায়লা হক।

তবে সংবেদনশীল ত্বকের মানুষদের জন্য কিছু সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যাদের ত্বকে অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ফেসিয়ালের আগে অবশ্যই স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ফেসিয়াল ত্বক থেকে মৃত চামড়া সরিয়ে দেয় এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। এছাড়া, এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। নিয়মিত ফেসিয়াল করলে ত্বক দীর্ঘদিন তরুণ দেখায়।

পার্লারে সময় দিতে না পারলে ঘরেই সহজ উপায়ে ফেসিয়াল করা সম্ভব। কীভাবে করবেন?

১. মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।

২. ৫ মিনিট স্ক্রাব করুন।

৩. গরম পানির ভাপ নিন।

৪. ময়েশ্চারাইজার দিয়ে ৫–১০ মিনিট মুখ ম্যাসাজ করুন।

৫. পছন্দের ফেসপ্যাক লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

৬. হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ক্রিম লাগান।

৭. চাইলে বাদাম তেল বা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

বাড়তি পরামর্শ

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন। ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল পণ্য নির্বাচন করুন।স্কিন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নতুন কোনো পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন।

All Categories