ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেশের ৩০০ আসনের ভৌগোলিক সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে। পাশাপাশি জিআইএস (ভৌগোলিক তথ্য ব্যবস্থা) প্রযুক্তিতে প্রস্তুত ডিজিটাল মানচিত্র ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিক আবেদন করার শেষ সময় ১৪ সেপ্টেম্বর। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
ভোটের অন্তত দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন কারাগারে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইসি। এতে কারাবন্দি ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোট পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোর নিবন্ধন ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। নিবন্ধিত সংস্থাগুলো নির্বাচনের দিন ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পাঠাতে পারবে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রোডম্যাপের প্রতিটি ধাপ সময়মতো সম্পন্ন করার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।