তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণ দেন পুতিন। সেখানে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের প্রবণতা বেড়েছে। বৈশ্বিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।
ন্যাটোর সম্প্রসারণ নীতির সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করেছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতিরই আরেক রূপ।
পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বিবেচনা করে, তবে আমি আশা করি এটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এর আগে সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ বলেন, ‘ইরানে সরকার পরিবর্তনের ডাক শুধু অগ্রহণযোগ্য নয়, এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে।
তিনি আরও বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে, তারা যেন বুঝে নেয়—তাতে তারা এক ভয়ংকর প্যান্ডোরার বাক্স খুলে দেবে।
সূত্র: ডেইলি সাবাহ