ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রাশিয়া, ভারতের পাশে থাকার বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সরব হয়েছে রাশিয়া। ওয়াশিংটনের এমন পদক্ষেপের বিরোধিতা করে মস্কো বলেছে, সার্বভৌম প্রতিটি দেশের স্বাধীনভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। একইসঙ্গে ভারতের পাশে থাকার ইঙ্গিতও দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের নানা বিবৃতি আমরা শুনছি, যেগুলো মূলত হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এসব হুমকিকে বৈধ ও ন্যায্য মনে করি না।
পেসকভ আরও বলেন, স্বাধীনভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রতিটি সার্বভৌম দেশের রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতেই এই সম্পর্ক স্থাপন করা হয়।
রুশ প্রশাসনের পক্ষ থেকে ভারতকে সরাসরি উল্লেখ না করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ভারতের প্রতি সমর্থন জানাতেই এই বার্তা দিয়েছে মস্কো।
এর আগের দিন, বুধবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এর ফলে চলতি মাসের ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
এই ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
বাড়তি শুল্কের চাপ ও মার্কিন হুমকির মধ্যেই মস্কো সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার তিনি রুশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
সরকারিভাবে ডোভালের সফরের কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীন সফরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও বাণিজ্যিক স্বার্থেই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চায় দিল্লি।
বিশ্লেষকদের মতে, এই সফর হলে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। ট্রাম্পের শুল্কনীতির হুমকির মুখে ভারত-চীন ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।