টিউলিপ ২, রেহানা ৭ ও ৫ বছর কারাদণ্ড পেলেন হাসিনা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ৫ বছর, তাঁর বোন শেখ রেহানা ৭ বছর এবং টিউলিপ সিদ্দিক ২ বছরের কারাদণ্ড।
আজ সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। মামলার অন্যান্য ১৪ আসামিকেও ৫ বছর করে সাজা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করে। দুদকের অভিযোগ—যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তাঁর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দ নেন। তিনজনই ১০ কাঠা করে প্লট পেয়েছিলেন।
তবে এই মামলায় কেবল শেখ রেহানার প্লট বরাদ্দের তথ্য উল্লেখ থাকায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিবকে আসামি করা হয়নি। দুদক জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় তদন্ত চলছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা-কর্মচারী, যাঁরা প্লট বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। ১৭ আসামির মধ্যে মোহাম্মদ খুরশীদ আলম ইতিমধ্যে কারাগারে আছেন।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। তদন্তের সময় যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি পদে থাকা টিউলিপ সিদ্দিক সমালোচনার মুখে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন।