তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য ‘নোংরা কাজ’ করেছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্বীকার করেছেন, তাঁদের দেশ তিন দশকেরও বেশি সময় ধরে কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন করেছে। তিনি একে ‘ভুল’ বলে উল্লেখ করে বলেন, এই ভুলের জন্যই আজ ভুগতে হচ্ছে পাকিস্তানকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এ কথা বলেন। সাক্ষাৎকারটি তুলে ধরেছে ভারতের সংবাদমাধ্যম ডব্লিউআইওনিউজ।
সাক্ষাৎকারে উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?’জবাবে খাজা আসিফ বলেন, ‘আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি ছিল একটি ভুল এবং আমরা এখন এর ফল ভোগ করছি।
তিনি আরও বলেন, ‘যদি আমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ এবং ৯/১১-এর পর মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে অংশ না নিতাম, তাহলে পাকিস্তানের ইতিহাস হতো একেবারে অন্যরকম, অনবদ্য।’
সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধের’ আশঙ্কা তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘বিশ্বের উচিত এ বিষয়ে চিন্তিত হওয়া, কারণ ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর। যদি কোনো সর্বাত্মক আক্রমণ হয়, তার জবাবে আমরা পাল্টা ব্যবস্থা নেব, তবে তা হবে পরিমিত প্রতিক্রিয়া। কিন্তু সেটি যদি যুদ্ধের দিকে নিয়ে যায়, তাহলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ।’
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খাজা আসিফ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।