তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করছি, আইনশৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি ‘পারফেক্ট লেভেলে’ না পৌঁছালেও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন সিইসি।
এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ভোট প্রতিহত করার হুমকিকে কমিশন গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানান তিনি।