তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ জানিয়েছেন, ওই সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, সেখানেই তফসিল ঘোষণা করা হবে।
ইসি–সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে। ৮ ফেব্রুয়ারির পর এক–দুদিন বা ১২ ফেব্রুয়ারির আগের কোনো দিনও বিবেচনায় রয়েছে। অর্থাৎ দুই তারিখের মাঝামাঝি সময়ই বেশি সম্ভাব্য ধরা হচ্ছে।
ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনে গণভোট একই দিনে আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। এতে পোলিং বুথের সংখ্যা অপরিবর্তিত থাকলেও ভোটের সময় ও গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হচ্ছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় সময় ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মক ভোটিং এবং মাঠের অভিজ্ঞতা বিবেচনায় আমরা ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রতি ভোটকক্ষে দুটি করে গোপন কক্ষ (স্টাম্পিং সেন্টার) থাকবে। গোপন কক্ষ বাড়ায় বাজেট সামান্য বাড়লেও কেন্দ্র ও কক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
এবারের নির্বাচনে মোট ভোটার আছেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করে এই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে ইসি।