টেকনাফের পাহাড়ে মারধরে একজনের মৃত্যু, আহত অবস্থায় উদ্ধার দুজন; নিখোঁজ আরও একজন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার পাহাড় থেকে মারধরের শিকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে বন বিট কার্যালয়ের পাশের পাহাড়ি এলাকা থেকে নিহত ব্যক্তির মরদেহ এবং আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত ব্যক্তির নাম মোক্তার কামাল। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে কয়েকজনকে পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখে তাঁরা এগিয়ে যান। তখন একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার হওয়া দুজন হলেন হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার ইলিয়াস ও আলী আহমদ।

উদ্ধার হওয়া ইলিয়াসের দাবি, মাদকের একটি চালান নিয়ে বিরোধের জেরে তাঁদের চারজনকে ধরে নিয়ে সোমবার রাতে পাহাড়ি এলাকায় আটকে রাখা হয় এবং নির্যাতন চালানো হয়। নির্যাতনে মোক্তার কামালের মৃত্যু হয় বলে তিনি দাবি করেন। তাঁদের সঙ্গে থাকা চতুর্থ ব্যক্তি এখনো নিখোঁজ বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি, ঘটনার সঙ্গে কারা জড়িত তাও এখনো নিশ্চিত নয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পানখালী এলাকা থেকে একজনের মরদেহ এবং আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওসি জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

All Categories