তেহরানে ব্যাপক হামলার দাবি ট্রাম্পের, নিহত বহু সামরিক নেতা

ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের সামরিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (৫ এপ্রিল) সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের দাবি, এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক নেতা নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হামলার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে বিশাল বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ শোনা গেছে। তবে ঠিক কতজন সামরিক নেতা নিহত হয়েছেন বা ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতা যারা দেশটিকে খারাপ ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়েছেন তাদেরসহ আরও অনেক কিছুর ইতি ঘটেছে!’

এদিকে ট্রাম্পের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ রোববার পর্যন্ত এই যৌথ হামলা টানা ৩৭ দিনে গড়িয়েছে। দীর্ঘ সময় ধরে এই অভিযান চললেও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান। ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতিকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে তা থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

All Categories