তেহরানে আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলা

তেহরানে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানায়, তারা তেহরানে আইআরজিসির একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএনের।

ইসরায়েলি বাহিনী বলছে, ওই ঘাঁটিগুলো থেকে মধ্যপ্রাচ্যজুড়ে আইআরজিসির প্রক্সি গোষ্ঠীগুলোকে সমন্বয় ও সহায়তা দেওয়া হতো। এসব ঘাঁটি থেকে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছিল বলেও দাবি করা হয়।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার ইসরায়েলি বাহিনীর এক হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন। তিনি ছিলেন ২০১৯ সাল থেকে আইআরজিসির শীর্ষ সামরিক কর্মকর্তা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইরানজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

এছাড়া রোববার আরেকটি হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমিও নিহত হন। তিনি দীর্ঘদিন ধরে বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাইরের গোয়েন্দা কার্যক্রমের দায়িত্বে ছিলেন।

All Categories