তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল,জনস্রোতে মুখর নয়াপল্টন
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ শুরু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল করে নয়াপল্টন এলাকায় জড়ো হন। অনেকেই স্লোগান ও নৃত্যগীতে সমাবেশস্থল মুখর করে তোলেন। দুপুরের দিকে নয়াপল্টন জনস্রোতে পরিণত হয়।
সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশের লক্ষ্য তরুণদের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একটি ইতিবাচক বার্তা দেওয়া। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই ধরনের সমাবেশ ও সেমিনার করেছে সংগঠনগুলো।