তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই : আইনজীবী
বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশেষ জজ আদালত-৩ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমান ও তার দলের নেতা বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যার মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেয়া হয়েছিল। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়টি নিয়ে মামলা দায়ের করে।
বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, দুদক মামলার প্রেক্ষিতে কোনো প্রমাণ বা সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি, যার ফলে আদালত তারেক রহমানকে খালাস দিয়েছেন। এখন এই রায়ের পর, তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।