তারেক রহমান যেদিন পা রাখবেন,সেদিন যেন গোটা বাংলাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিগগিরই’ দেশে ফিরবেন। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো সময় জানানো হয়নি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। গত ৭ ডিসেম্বর শুরু হওয়া এ কর্মশালায় দলটির অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু আমাদের সব নেতা এখানে উপস্থিত, আমি জানিয়ে দিতে চাই আমাদের নেতা শিগগিরই দেশে আসবেন। তিনি যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন গোটা বাংলাদেশ কেঁপে ওঠে এটি আমাদের মনে রাখতে হবে। আমরা চাই সেদিনই বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়ার সূচনা হোক।

তিনি আরও বলেন, আমরা সামনে এগোতে চাই, প্রগতির পথে হাঁটতে চাই। বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা, তাকে বাস্তবায়ন করতেই আমাদের যাত্রা।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

All Categories