‘তারেক রহমান চাইলে একদিনেই মিলবে ট্রাভেল পাস’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই।

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে হলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণ করা হবে—সামাজিক মাধ্যমে এমন দাবি নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো অফিশিয়াল তথ্য নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না।

এরই মধ্যে লন্ডন থেকে নিজের ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন—মায়ের সংকটময় মুহূর্তে দেশে ফিরতে তাঁরও ইচ্ছা আছে, তবে সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা তাঁর হাতে নেই। কী ধরনের বাধা, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

গত জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হওয়ায় তাঁর দেশে ফেরা নিয়ে আলোচনাও বেড়েছে। তবে বিএনপি এখনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারছে না।

All Categories