টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশজুড়ে টানা বৃষ্টিপাতে ভ্যাপসা গরম কিছুটা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের তীব্রতা প্রশমিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান থেকে উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টি বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবার ও বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর ও নওগাঁর বাদলগাছীতে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

All Categories