তালেবান সরকারকে রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি
তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারের বৈধতা মেনে নিল মস্কো।
বৃহস্পতিবার কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে “সাহসী” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “রাশিয়া সবার আগে এগিয়ে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করল।”
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বিশ্বাস করি, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।”
২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তবে এতদিন পর্যন্ত কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি।
তবে রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তীক্ষ্ণ নজরে পড়তে পারে। তালেবান সরকারকে বৈধতা দিতে অস্বীকৃতি জানিয়ে ওয়াশিংটন আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার সম্পদ জব্দ করে রেখেছে। এছাড়া, তালেবানের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যার ফলে দেশটির আর্থিক খাত আন্তর্জাতিক লেনদেন থেকে অনেকটা বিচ্ছিন্ন।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র” বলে অভিহিত করেন। একই বছরের এপ্রিল মাসে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করে।