স্যুট পরার বিলাসিতা নয়, আমি একটি যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট: জেলেনস্কি
ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে বিতর্ক, সাংবাদিকের প্রশ্নে উত্তেজনা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাওয়ার সময় এক সাংবাদিকের কটাক্ষ মূলক প্রশ্নের মুখোমুখি হন। সাংবাদিকটি তাকে প্রশ্ন করেন, কেন আপনি স্যুট পরে আসেননি? আপনার কি একটি স্যুটও নেই? অফিসের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় অনেক আমেরিকানের আপনাকে নিয়ে সমস্যা আছে।
এ প্রশ্নের পর জেলেনস্কি শান্তভাবে তার প্রতিক্রিয়া জানান, এ যুদ্ধ শেষ হওয়ার পর আমি একটি যথাযথ পোশাক পরব। হয়তো আপনি যেমনটা পরেছেন তেমন কিছু...হয় তোবা এর চেয়ে ভালো কিছু...বা কম দামি কিছু।
জেলেনস্কি প্রায় সময়ই গলাবন্ধ সোয়েট শার্ট পরিধান করেন, যা তার পরিচিত পোশাক। এই শার্টের বুকের কাছে ইউক্রেনের ত্রিশূল প্রতীক থাকে এবং গুরুত্বপূর্ণ বৈঠক গুলোতেও তাকে একই পোশাকে দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তিনি এ পোশাকটি পরেছিলেন।
যতটুকু জানা গেছে, সাংবাদিকের প্রশ্নে জেলেনস্কি স্নিগ্ধ এবং শান্ত থাকলেও, এর কয়েক মিনিট পরই ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তাকে অভিযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছেন না এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়।
এ বিতর্কের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে—বিশ্ব নেতাদের মধ্যে যথাযথ সম্মান ও পোশাকের গুরুত্ব। জেলেনস্কির উত্তর একদিকে তার দেশের সংকটের প্রতিফলন, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার নিজস্ব ভাবনা।