সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ১৪ টাকা
দেশের বাজারে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন দাম অনুযায়ী পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।
এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
জানা গেছে, ঈদের আগে ২৭ মার্চ মিল মালিকরা তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। তারা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়েছিলেন। ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছিল ব্যবসায়ী সংগঠনটি। এর কারণ হিসেবে তারা শুল্ক-কর ছাড়ের মেয়াদ শেষ হওয়া ও আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতিকে উল্লেখ করেন।
পরবর্তীতে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার বৈঠক হয়। শেষ পর্যন্ত আজ চূড়ান্ত সিদ্ধান্ত এলো।
প্রসঙ্গত, গত রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে সরকার ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক ও কর ছাড় দেয়, যার মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ। এই ছাড় ফের বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।