স্বপ্নভঙ্গ করাচিতে দেশে ফিরছেন লিটন দাস

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অপেক্ষায় ছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমাঞ্চ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সব আশা ভেসে গেল অনুশীলনের সময় পাওয়া এক চোটে। আঙুলে চোট পেয়ে পুরো আসর থেকেই ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার। ফলে পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন তিনি।

শুক্রবার (১১ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন লিটন নিজেই। তিনি লেখেন,

করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আঙুলে চোট পেয়েছি এবং স্ক্যানে দেখা গেছে আঙুলে ফ্র্যাকচার রয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি লিটন আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফেরার পর পরীক্ষা করে দেখতে হবে তার চোটের প্রকৃত অবস্থা। তারপর বলা যাবে কী পরিমাণ বিশ্রাম প্রয়োজন হবে।

পিএসএলের চলতি আসরের নিলাম থেকে করাচি কিংস দলে ভেড়ায় লিটনকে। বিসিবি থেকেও পুরো আসরের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। আইপিএল ও এলপিএলে খেলার অভিজ্ঞতা থাকলেও, এবারই প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে সেই অভিষেক আর হলো না।

এবারের আসরে বাংলাদেশ থেকে লিটনসহ তিন ক্রিকেটার পিএসএলে সুযোগ পেয়েছেন। লাহোর কালান্দার্সে ইতোমধ্যে যোগ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। আর পেসার নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেবেন।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল। লিটনের চোটের কারণে এই সিরিজেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

All Categories