সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র, যার উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা।
আজ মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে অনুষ্ঠিত যৌথসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন ফখরুল।
বক্তব্যে তিনি বলেন, একটি মহল এখন বিভাজনের রাজনীতি শুরু করেছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায় তারা। এসবই পরিকল্পনার অংশ।
মির্জা ফখরুল আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সরকারের ভেতরে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের এখন সতর্ক থাকতে হবে। পাশাপাশি সীমান্তের ওপার থেকেও যে ষড়যন্ত্র চলছে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির তথ্য জানিয়ে ফখরুল বলেন, ২৫ মে থেকে শুরু হবে ৮ দিনের কর্মসূচি। ২৭ ও ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশ এবং ২৯ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতাকর্মীরা।