সত্যিই কি বৃষ্টির আগাম খবর পিঁপড়েরা টের পায়?

নিশ্চয়ই খেয়াল করেছেন, পিঁপড়েরা হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়ে। কেউ খাবার গর্তে নিয়ে যাচ্ছে, কেউ গর্তের মুখ মাটি দিয়ে বন্ধ করছে, আবার কেউ তড়িঘড়ি করে নিজের বাসায় ফিরে যাচ্ছে!  পিঁপড়ে এই তাড়াহুড়ো দেখে আদ্যিকাল থেকেই মুরুব্বিরা ধরেই নেয়, বৃষ্টি আসছে! কিন্তু কেন! সত্যিই কি ক্ষুদে এই প্রাণীটি আগে থেকেই বুঝে ফেলে যে বৃষ্টি নামতে চলেছে?

বিজ্ঞান বলছে—হ্যাঁ, তারা সত্যিই বৃষ্টির আগাম সংকেত পায়। এর কারণ হলো, পিঁপড়ের শরীরে রয়েছে অত্যন্ত সংবেদনশীল কিছু অঙ্গ, যেগুলো পরিবেশের সামান্যতম পরিবর্তনও টের পায়। বৃষ্টির আগে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যায় এবং বায়ুচাপ কমে আসে। এই পরিবর্তন আমরা অনেক সময় টের পাই না, কিন্তু পিঁপড়েরা খুব সহজেই তা অনুভব করতে পারে। তারা বাতাসের আর্দ্রতা ও চাপের হেরফেরকে অনুভব করে দ্রুত প্রতিক্রিয়া জানায়।

আরও একটি আশ্চর্য দিক হলো, পিঁপড়েরা একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেত ব্যবহার করে যোগাযোগ করে। কিন্তু বৃষ্টির আগে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এই সংকেত দ্রুত বিলীন হয়ে যায়। তখন তারা বুঝে ফেলে—বিপদ আসন্ন। এই সংকেত হারানোর আগেই তারা তৎপর হয়ে ওঠে!
 

তাদের অভ্যাস এবং পূর্ব অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বছরের পর বছর ধরে একই ধরনের পরিবর্তন দেখে তারা এমন আচরণে অভ্যস্ত হয়ে গেছে। এই আচরণকে বলা হয়   ইনস্টিঙটিভ বিহেভিয়ার—অর্থাৎ অভ্যন্তরীণ প্রাকৃতিক বুদ্ধিমত্তা! পিঁপড়েরা দলগতভাবে কাজ করে। একজন সতর্ক হলে বাকিরাও দ্রুত একত্রিত হয়ে গর্ত মজবুত করে, খাবার মজুত করে, আর নিজেদের নিরাপদে সরিয়ে নেয়। তাদের টিকে থাকার এই কৌশল সত্যিই অসাধারণ!

আরও আশ্চর্যের বিষয় হলো, মাটির ক্ষুদ্রতম কম্পন ও শব্দও বুঝতে পারে পিঁপড়েরা। দূরে মেঘের গর্জন বা বজ্রপাতের কারণে মাটি সামান্য কাঁপলেও তারা সেটি শনাক্ত করতে পারে। সেই সংকেত পেয়ে সক্রিয় হয়ে ওঠে তারা! তাই এদের প্রকৃতির “সতর্ক বার্তাবাহক” বললেও কোনো ভুল হবে না!
 

প্রকৃতির ক্ষুদ্র প্রাণীর মাঝেও লুকিয়ে আছে বিশাল জ্ঞান, অভিজ্ঞতা আর অভিযোজনের শক্তি। এই ছোট্ট প্রাণীর এমন চমৎকার অভিযোজন প্রক্রিয় যেন আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়ে যায়-আকার নয়, বুদ্ধি আর সচেতনতাই হল প্রকৃত টিকে থাকার উপায়!

All Categories