শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমশক্তি রফতানির পুরো প্রক্রিয়াই দালালদের নিয়ন্ত্রণে। পদে পদে দালালদের প্রতারণার শিকার হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করা না গেলে টেকসই উন্নতি সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্বজুড়ে তারুণ্যের ঘাটতি রয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যে সমৃদ্ধ। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও দামী সম্পদ। তিনি বলেন, এত বিপুল তরুণ শ্রমশক্তি পৃথিবীর আর কোথাও নেই, তাই বিশ্বকেই বাংলাদেশের দিকে তাকাতে হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকার গ্রহণ করা বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।