সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, দেশে পর্যাপ্ত সার মজুত আছে এবং কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করতে মজুতদারি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সারের ডিলারশিপ আর রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।

সবজির দামও সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, দামও কমে এসেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু আমরা তা করিনি। মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কৃষকবান্ধব হতে হবে বলেন তিনি।

আলুর দাম না পাওয়ায় কৃষকের ক্ষতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন দাম কিছুটা বাড়ছে। ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রাখতে দেওয়া হয়েছে।

এসপি নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, এবার নিয়োগে ‘এবিসি’ তিন ধরনের ক্যাটাগরি করা হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম দফায় ১৮ জেলার এসপি নিয়োগ দেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

All Categories